March 10, 2026, 6:18 pm

ফ্যামিলি কার্ডের পর কৃষক কার্ড: ঘোষণা তারেক রহমানের
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের ৩৭ হাজার পরিবারের প্রধান নারীর হাতে তুলে দেওয়া হয়েছে ‘ফ্যামিলি কার্ড’। পর্যায়ক্রমে সারা দেশের প্রায় চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে আগামী মাস থেকে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাইলট প্রকল্পের অংশ হিসেবে দেশের ১৪টি স্থানে একযোগে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রাজধানীর কড়াইল, সাততলা বস্তি ও ভাষানটেক বস্তি এলাকার প্রায় ১৫ হাজার নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন।
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে বা অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন স্কুল থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষাকে বিনা মূল্যে করার ব্যবস্থা করা হয়েছিল। সেই শিক্ষিত নারী সমাজকে এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের মাধ্যমে বর্তমানে দেশে একটি জবাবদিহিমূলক ও জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।
কৃষকদের দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত সপ্তাহেই সরকারের পক্ষ থেকে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। একইভাবে আগামী মাসের মধ্যে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর দিনটিকে ‘ঐতিহাসিক ও আবেগঘন’ উল্লেখ করে তারেক রহমান বলেন, বহু বছর ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ করা হয়েছে। আল্লাহর রহমতে আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিন এসেছে।
বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতাসহ আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় বেশি লাগতে পারে। তবে সরকার দেওয়া প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরে যাবে না বলেও তিনি আশ্বাস দেন।