August 6, 2026, 9:43 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ‘আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম। তাঁর ছবিতে যারা জুতা নিক্ষেপ করেছে, আমার মনে হয় তারা জারজ সন্তান।’
তিনি বলেন, ‘আল্লামা সাঈদী শুধু জামায়াতে ইসলামীর নন, তিনি পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। ছাত্রদলের নাম নিয়ে হোক, যুবদলের নাম নিয়ে হোক—যারা তাঁর ছবিতে জুতা নিক্ষেপ করেছে, তাদের মধ্যে অবশ্যই কোনো কালপ্রিট ঢুকে পড়েছে।’
বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে আমির হামজা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, সম্মান রেখেই বলছি—এই মানুষগুলোকে সামলান। যেভাবে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিদায় করা হয়েছিল, আপনাকেও বিদায় করার জন্য আপনার নিজের গুন্ডা বাহিনীই যথেষ্ট। তাদের কর্মকাণ্ডে দেশের মানুষ ইতোমধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘জুলাইযোদ্ধারা আমাদের, বিশেষ করে কুষ্টিয়ার সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন জায়গায় ক্ষোভ-অভিমানের কথা বলেছেন। কিন্তু বাস্তবতা হলো, আমরা মন্ত্রণালয় পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি। জুলাইযোদ্ধাদের জন্য হোক কিংবা জুলাই সনদ বাস্তবায়নের জন্য—কোনো কাজই তারা করতে দিতে চায় না। যেখানে যাই, দেখি চাঁদাবাজি, দখলবাজি আর প্রভাব বিস্তার। কুষ্টিয়াকে গড়ে তুলতে যাদের সঙ্গে কাজ করতে চাই, তাদের বিরুদ্ধে ওপরমহলে লবিং করে সরিয়ে দেওয়া হচ্ছে। কুষ্টিয়ার ডিসিকে সরানো হয়েছে, টিএনওকে সরানো হয়েছে, হাসপাতালের ডিডিকেও সরানো হয়েছে। আমরা কাজ করব কাদের নিয়ে? জনগণের জন্য যে বরাদ্দ, যে সম্মান, যে উন্নয়ন রাষ্ট্র থেকে নিয়ে আসতে চাই, তার একটিও তারা হতে দিতে রাজি নয়।’
সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—শুভবুদ্ধির উদয় হোক। পাঁচ বছর ক্ষমতায় থাকুন, কিন্তু ভালোভাবে দেশ চালান। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আমরা যারা ১১ দলীয় সংসদ সদস্য রয়েছি, সংসদ বয়কট করে যদি রাজপথে নেমে আসি, তাহলে দুই দিনও টিকতে পারবেন না। দেশের স্বার্থেই বলছি, দেশ পরিচালনা করতে হলে সুশাসন নিশ্চিত করুন। জুলাই সনদ মেনে নিতে আমাদের যদি সমস্যা না থাকে, তাহলে আপনাদের সমস্যা কোথায়? আসুন, সব ধরনের ষড়যন্ত্র পরিহার করে দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করি।’
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ জেলার ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।