May 13, 2026, 10:43 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে কোনো ধরনের আলোকসজ্জা কিংবা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।
গতকাল রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগে নির্ধারিত সন্ধ্যা ৭টার পরিবর্তে এখন থেকে রাত ১০টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখা যাবে। সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের বলা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে কেনাকাটার চাপ বাড়ায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নেয়।
এর আগে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে জ্বালানি সংকটের আশঙ্কায় গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার। পরে ব্যবসায়ীদের দাবির মুখে ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
পরবর্তীতে দোকান মালিক সমিতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে সময় আরও বাড়ানোর আবেদন জানায়। তারা ঈদুল আজহার আগ পর্যন্ত রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি তুলেছিলেন। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে গত ৭ মে রাত ১০টা পর্যন্ত দোকানপাট চালু রাখার বিষয়ে নীতিগত সম্মতি দেন মন্ত্রী। সে সময় ১২ মে থেকে নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথাও জানানো হয়েছিল।