May 6, 2026, 3:31 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে দলটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, বিজেপি নেতারা জানিয়েছেন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে ‘যুদ্ধকালীন তৎপরতা’ হিসেবে সম্পন্ন করা হবে, যাতে দ্রুত সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করা যায়। দলটির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই প্রয়োজনীয় জমি বরাদ্দের প্রতিশ্রুতি রয়েছে।
বিজেপির দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো সীমান্ত পারাপার ও অনুপ্রবেশকে শূন্যের কোঠায় নামিয়ে আনা। পাশাপাশি রাজ্য সরকারের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে। এতে সীমান্ত জেলাগুলিতে জনমিতিক পরিবর্তন রোধ করা সম্ভব হবে বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, বিজেপি নেতৃত্ব ‘শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো’ নীতির বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করেছেন দলের নেতারা।
এক দশকের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গে ‘প্রথমবার পদ্ম ফুটেছে’ বলেও মন্তব্য করেন।
এর আগে ২০২১ সালে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কার্যপরিধি বাড়ানোর কেন্দ্রীয় প্রস্তাব ঘিরে রাজ্য সরকারের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। এছাড়া সিএএ ও এনআরসি আইন বাস্তবায়ন নিয়েও কেন্দ্র-রাজ্য রাজনৈতিক টানাপোড়েন দীর্ঘদিন ধরে চলতে থাকে। বিভিন্ন তদন্ত ও নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে অসহযোগিতার অভিযোগও উঠে আসে।
তবে নতুন সরকারের অধীনে সীমান্ত নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।