May 15, 2026, 10:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব

একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান

আরও অন্তত ৩০ বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের আভাস
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনেই নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি পরিবর্তনের প্রস্তুতি চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্যরা আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে কারও অবসরের বয়স পূর্ণ হলে তিনি ওই সময় পর্যন্ত দায়িত্বে থাকবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তাঁরা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
নতুন নিয়োগ পাওয়া উপাচার্যদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. একরামুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন ভিসি হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. গোলাম রব্বানী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অধ্যাপক ও ট্রেজারার ড. আবুল হাসনাত মোহা. শামীম। অন্যদিকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বিকেলে নিয়োগ দেওয়া হলেও সন্ধ্যায় সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া বহু উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার আন্দোলনের মুখে পদত্যাগ করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন গঠন শুরু করে। ইতোমধ্যে ৫৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
তবে বর্তমান প্রশাসনের আমলে নিয়োগ পাওয়া কয়েকজন ভিসির বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি নতুন নিয়োগে রাজনৈতিক ও আদর্শিক বিবেচনা প্রভাব ফেলছে বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)সহ আরও অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভিসি পরিবর্তনের বিষয়ে সরকার ভাবছে। এর আগে গত মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর ধাপে ধাপে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন আনা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে অথবা বয়সসীমা পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
অভিনন্দন জ্ঞাপন/
নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী।
ড. মতিনুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
তাঁর নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net